০৮ সেপ্টেম্বর ২০২৬, ০০:২৫

মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শিক্ষার্থী আটক

মন্দির ও প্রতিমা ভাংচুর করায় যুবক গ্রেপ্তার  © টিডিসি ফটো

পাবনা শহরে মন্দির ও প্রতিমা ভাংচুরের সময় প্রান্থ কুমার দাস (২৫) নামের পাবিপ্রবির এক শিক্ষার্থীকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে মন্দির কর্তৃপক্ষ। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। তবে পুলিশের দাবি, ওই শিক্ষার্থী মানসিকভাবে অসুস্থ এবং মন্দিরে ঢোকার পর তার আচরণ স্বাভাবিক হয়ে ওঠে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন পাবনা ইস্কন মন্দিরে এ ঘটনা ঘটে।

আটককৃত প্রান্থ কুমার দাস পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি নওগাঁর আত্রাই উপজেলার সুধিরপুর এলাকার প্রশান্ত চন্দ্র মন্ডলের ছেলে।

মন্দির কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে মন্দির খোলা পেয়ে মন্দিরে প্রবেশ করে ভাংচুর শুরু করে প্রান্থ। এক পর্যায়ে মন্দিরের প্রতিমা ভাংচুর করে। এসময় মন্দির কর্তৃপক্ষের লোকজন টের পেয়ে তাকে হাতেনাতে আটক করে গণপিটুনি দেয়। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে এবং গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করে।

বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, সে (প্রান্থ) মানসিক অসুস্থ ছিল, মন্দিরে ঢোকার পর মানসিক সমস্যা বেড়ে যাওয়ায় মন্দিরের সবকিছু ভাংচুর শুরু করে। ওই সময়ে মন্দির কর্তৃপক্ষ তাকে আটক করে রাখে। পরে আমরা তাকে নিয়ে এসে মামলা দিয়ে আদালতে পাঠিয়েছি।