‘ইমরান দৌড় দিবি না’ বলে এলোপাতাড়ি গুলি, নিহত ১
রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে ‘ইমরান দৌড় দিবি না’ বলে এক যুবককে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়েছে হেলমেট পরিহিত কয়েকজন ব্যক্তি। এতে সাগর খান ইমরান (প্রায় ৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন বিদ্যুৎ জাকারিয়া (৩২) নামে আরও একজন।
রবিবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ধলপুরের উত্তর সরদার গলিতে এ ঘটনা ঘটে।
আহত বিদ্যুৎ জাকারিয়া জানান, রাতে সরদার গলিতে ৬ থেকে ৭ জন হেলমেট পরিহিত ব্যক্তি মোটরসাইকেলে করে আসেন। এ সময় তারা ‘ইমরান দৌড় দিবি না’ বলে ইমরানকে লক্ষ্য করে গুলি চালাতে থাকেন। একপর্যায়ে জাকারিয়ার হাত ও পায়েও গুলি লাগে।
জাকারিয়ার স্ত্রী ঝিনুক আক্তার জানান, ধলপুর সরদার গলিতে তার স্বামীর একটি রিকশার গ্যারেজ রয়েছে। রাতে গ্যারেজের সামনে ইমরানসহ জাকারিয়া বসে ছিলেন। এ সময় চারটি মোটরসাইকেলে করে হেলমেট পরা ৭ থেকে ৮ জন সেখানে আসে। তারা দুজনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে ইমরান ও জাকারিয়া দুজনই গুলিবিদ্ধ হন।
পরে আহত অবস্থায় ইমরানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, ইমরানের মাথায় গুলি লেগেছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ মর্গে রাখা হয়েছে। জাকারিয়ার বাঁ পা ও ডান হাতে গুলি লেগেছে। তিনি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিব বলেন, গুলিতে হতাহতের ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।