রাজধানীতে নারী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় স্বামী-ছেলেসহ গ্রেপ্তার ৩
রাজধানীর দারুস সালামে নিজ বাসায় জেসমিন আক্তার নামে এক নারী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তার স্বামী ও ছেলেসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশি আগ্নেয়াস্ত্র, ১টি ম্যাগাজিন, ২টি গুলি ও ২১৫টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- গুলিবিদ্ধ জেসমিনের স্বামী মো. আবদুল মান্নান ওরফে আবদুল হান্নান (৪৫), তার ছেলে মো. রাকিব (২৫) এবং সহযোগী মো. হাতিম মিয়া (২১)।
রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-৪-এর অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান।
তিনি বলেন, শনিবার সন্ধ্যায় দারুসসালাম থানার মসজিদ গলি এলাকায় নিজ বাসায় এক নারী গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সেখানে চিকিৎসাধীন।
তিনি আরও বলেন, আবদুল মান্নান প্রায়ই স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করতেন। গতকাল সন্ধ্যায় মাদক সেবন করে বাসায় ফিরে স্ত্রীর সঙ্গে ঝগড়ায় জড়ান তিনি। কথা–কাটাকাটির একপর্যায়ে স্ত্রীকে লক্ষ্য করে পিস্তল দিয়ে গুলি করেন। এতে ওই নারী গুলিবিদ্ধ হন। ঘটনার পর আবদুল মান্নান তার ছেলে রাকিবের মাধ্যমে অস্ত্রটি তার বন্ধু হাতিম মিয়ার বাসায় রেখে দেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে দারুসসালাম থানা-পুলিশকে সঙ্গে নিয়ে আজ ভোরে অভিযান চালায় র্যাব-৪। এ সময় তাদের কাছ থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন, ২টি গুলি ও ২১৫টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
এই র্যাব কর্মকর্তা আরও বলেন, আবদুল মান্নান একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী সন্ত্রাসী বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। তিনি পরিবার নিয়ে একটি টিনশেড বাসায় ভাড়াটে হিসেবে থাকতেন। উদ্ধার করা অস্ত্রটি তিনি দারুসসালাম ও আশপাশের এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার করতেন।