প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
গাইবান্ধার ফুলছড়িতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ ও কটূক্তির অভিযোগে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনের বিরুদ্ধে ফুলছড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি অভিযোগে দলীয় নেতাকর্মীদের গুম, খুন ও ভয়ভীতির হুমকির কথাও উল্লেখ করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফুলছড়ি থানায় উপস্থিত হয়ে এ অভিযোগ দাখিল করেন এরেন্ডাবাড়ী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান (৩৪)। তিনি অভিযোগপত্রে উল্লেখ করেন, ফুলছড়ি উপজেলার ৬নং এরেন্ডাবাড়ী ইউনিয়নের বিভিন্ন পদে অধিষ্ঠিত আসামিরা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত। তারা দীর্ঘদিন ধরে ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যঙ্গচিত্র পোস্ট করে অকথ্য ভাষায় গালিগালাজ ও মানহানিকর প্রচারণা চালিয়ে আসছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগপত্রে নাম উল্লেখ করা ব্যক্তিরা হলেন—উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের সুমন মোল্লা (২৫), বাদশা মোল্লা (৫০), জাহিদ হাসান নয়ন (২৮), ফজলে রাবিব (২৫), এএসএম রফিকুল ইসলাম (৫৫) এবং শফিকুল ইসলাম ওরফে শফি (৪২)। এছাড়া অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, আসামিরা ফেসবুকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্যঙ্গচিত্র পোস্ট করে কটূক্তি ও মানহানিকর প্রচারণা চালান।
অভিযোগকারী মাহমুদুল হাসান জানান, এসব পোস্টের লিংক তিনি অভিযোগপত্রে সংযুক্ত করেছেন। এর মধ্যে ১নং আসামি সুমন মোল্লার ফেসবুক লিংক, ৩নং আসামি জাহিদ হাসান নয়নের ফেসবুক লিংক এবং ৪নং আসামি ফজলে রাবিবের ফেসবুক লিংক উল্লেখ করা হয়েছে।
বিএনপি নেতাকর্মীরা আসামিদের বাধা দিতে গেলে তারা ভয়ভীতি ও হুমকি দিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। গত ১১ আগস্ট তারিখে অভিযোগকারীসহ অন্যান্য নেতাকর্মীরা আসামিদের প্রধানমন্ত্রীকে নিয়ে আর ব্যঙ্গচিত্র বা কটূক্তি পোস্ট না করতে অনুরোধ করলে আসামিরা ক্ষিপ্ত হন এবং সুযোগ পেলে অভিযোগকারীসহ দলীয় নেতাকর্মীদের গুম, খুন ও বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে অভিযোগকারী মাহমুদুল হাসান বলেন, ‘উপরোক্ত বিবাদীগণ ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ব্যঙ্গচিত্র পোস্ট করে অকথ্য ভাষায় গালিগালাজ করছেন, যা বাংলাদেশের সম্মানহানি ঘটাচ্ছে। আমরা বাধা দিতে গেলে তারা হুমকি দিচ্ছেন। সুযোগ পেলে আমাদের গুম-খুন করবেন বলেও ভয় দেখাচ্ছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উর্ধ্বতন নেতাকর্মীদের সাথে আলোচনা করে থানায় এই অভিযোগ দায়ের করেছি।’
এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
ফুলছড়ি থানার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাজহারুল ইসলাম অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি তদন্তাধীন। আগামীকাল আমাদের একটি টিম ঘটনাস্থলে যাবে এবং অভিযোগের প্রতিটি দিক খতিয়ে দেখা হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট ফেসবুক পোস্টগুলোর সত্যতাও যাচাই করা হবে। অভিযোগের সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক নেতাদের নিয়ে ব্যঙ্গচিত্র ও কটূক্তি প্রকাশের ঘটনা বাড়ছে। এসব ঘটনায় প্রায়ই রাজনৈতিক দলগুলোর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং আইনি পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায়।