০৫ সেপ্টেম্বর ২০২৬, ২৩:৫২

স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্তার ৫

স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্যসচিবসহ গ্রেপ্তার ৫  © সংগৃহীত

রাঙামাটিতে স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা যুবদলের সদস্যসচিব মোহাম্মদ ফারুক হোসেনসহ (৪৮) পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে স্বর্ণ, নগদ টাকা ও চোরাচালানে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে গ্রেপ্তার পাঁচজনকে আদালতে পাঠানো হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।

রাঙামাটি কোতোয়ালি থানা পুলিশ সূত্রে জানা গেছে, স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত থাকার সন্দেহে প্রথমে পাঁচজনকে আটক করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে চোরাচালান চক্রের সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়ার দাবি করে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে স্বর্ণ, নগদ অর্থসহ চোরাচালানে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মোহাম্মদ ফারুক হোসেন আনোয়ারা উপজেলা যুবদলের সদস্যসচিব। তাঁর বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান চক্রের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন। ওসি জসীম উদ্দীন বলেন, ‘সন্দেহজনকভাবে প্রথমে পাঁচজনকে আটক করা হয়। পরে স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়ায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।’

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালানের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।