০৫ সেপ্টেম্বর ২০২৬, ২২:৪৩

প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে প্রবেশের চেষ্টা যুবকের, আটকের পর যা জানাল পুলিশ

যুবককে আটক করেছে পুলিশ  © ভিডিও থেকে নেওয়া

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য নির্ধারিত নিরাপত্তা বেষ্টনীতে প্রবেশের চেষ্টা করায় এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর ফার্মগেটে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে প্রবেশের পরপরই এ ঘটনা ঘটে।

জানা গেছে, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। হেফাজতে নেওয়া যুবকের নাম মুবিন মাঝি। তার গ্রামের বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া এলাকায়। 

তিনি ওই এলাকার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ইউনুস মাঝির ছেলে। মুবিন দীর্ঘদিন প্রবাসে ছিলেন। পরে ঢাকায় ফিরে মোটরসাইকেল রাইড শেয়ারিংয়ের কাজ শুরু করেন। বর্তমানে স্ত্রী ও এক সন্তান নিয়ে ঢাকায় বসবাস করছেন।

পুলিশ জানায়, প্রধানমন্ত্রীর গাড়িবহর তাঁর কার্যালয় থেকে বিজয় সরণি ও উড়োজাহাজ ক্রসিং হয়ে অনুষ্ঠানস্থলে পৌঁছায়। নিরাপত্তার স্বার্থে খামারবাড়ি মোড় থেকে ফার্মগেটমুখী সড়কের বাম পাশের লেনটি বন্ধ করে দেয় পুলিশ। তবে ডান পাশের লেনে যানচলাচল স্বাভাবিক রাখা হয়।

প্রধানমন্ত্রীর গাড়িবহর অনুষ্ঠানস্থলে প্রবেশের পরপরই খামারবাড়ি মোড় থেকে বন্ধ থাকা বাম পাশের লেনে মোটরসাইকেল নিয়ে প্রবেশের চেষ্টা করেন ওই যুবক। এ সময় সেখানে দায়িত্বে থাকা এক সার্জেন্ট তাকে থামিয়ে দেন। পরে তাকে তেজগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পরে মোটরসাইকেলসহ ওই যুবককে হেফাজতে নেয় তেজগাঁও থানা পুলিশ। জিজ্ঞাসাবাদে ওই যুবক পুলিশকে জানান, বাম পাশের লেনটি বন্ধ থাকার বিষয়টি তিনি জানতেন না। অসাবধানতাবশত তিনি ওই লেনে ঢুকে পড়েছিলেন।

তেজগাঁও থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, ইতোমধ্যে ওই যুবকের পূর্ববর্তী কোনো অপরাধের রেকর্ড রয়েছে কি না তা যাচাই করা হয়েছে। তবে এখন পর্যন্ত সন্দেহজনক কোনো তথ্য পাওয়া যায়নি। তারপরও তাকে আরও জিজ্ঞাসাবাদ এবং সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।