চট্টগ্রামে বিএনপি-এনসিপির নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৫
চট্টগ্রামের আনোয়ারায় বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার একটি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
সংঘর্ষের পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
তবে ঘটনাটি বিএনপি ও এনসিপির মধ্যে সংঘর্ষ হিসেবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়লেও প্রাথমিকভাবে এটি রাজনৈতিক সংঘর্ষ নয় বলে জানিয়েছেন ওসি। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, মার্কেটের ব্যবসায়ী ও ইজারাদারদের মধ্যে দোকান বসানোকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।’
ওসি আরও বলেন, ‘এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’