অন্য চিকিৎসকের প্যাডে প্রেসক্রিপশন, ‘ভুয়া’ চিকিৎসকের জেল-জরিমানা
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে চিকিৎসাসেবা প্রদান এবং অন্য চিকিৎসকের প্যাড ব্যবহার করে প্রেসক্রিপশন দেওয়ার অভিযোগে মনোয়ার ইসলাম (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় চিরিরবন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালতে মনোয়ার ইসলামকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত মনোয়ার ইসলাম খানসামা উপজেলার আলোকঝাড়ি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। তিনি চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর এলাকার নশরতপুর বালাপাড়ায় একটি চেম্বার পরিচালনা করতেন।
জানা গেছে, মনোয়ার ইসলাম নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে রোগী দেখতেন। এ সময় তিনি ডা. রবিউল ইসলাম, ডি.এ.এম.এস (চট্টগ্রাম)-এর নাম ও প্যাড ব্যবহার করে রোগীদের প্রেসক্রিপশন দিতেন।
এ বিষয়ে ডা. রবিউল ইসলাম জানান, তার নাম ও প্যাড ব্যবহার করে প্রেসক্রিপশন দেওয়া হলেও এ বিষয়ে তিনি কাউকে কোনো অনুমতি দেননি।
পরে বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত অভিযোগের সত্যতা পাওয়ায় মনোয়ার ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।