০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৬

যেসব অভিযোগে আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও দুদকের লোগো   © টিডিসি সম্পাদিত

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিরুদ্ধে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বদলি বাণিজ্য, নিয়োগ, পদোন্নতি ও পদায়নে অনিয়ম-দুর্নীতি এবং সিন্ডিকেটের মাধ্যমে টেন্ডার ও কেনাকাটায় দুর্নীতির অভিযোগ রয়েছে।

অনুসন্ধানের আওতায় থাকা অন্য তিনজন হলেন—যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্ম সচিব শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন এবং উপসচিব মো. মাসুম আহমেদ।

বুধবার (২ সেপ্টেম্বর) দুদকের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে যুব উন্নয়নের ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

তিনি আরও বলেন, অভিযোগ অনুসন্ধানে দুদক ইতিমধ্যে চার সদস্যের অনুসন্ধান টিম গঠন করেছে। দুদকের উপপরিচালক মো. জাহিদ কালামের নেতৃত্বে একটি টিমকে এই অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে।

দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেন, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি।

এর আগে, আসিফ মাহমুদের সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করেছে দুদক। ক্ষমতার প্রভাব খাঁটিয়ে তদবির-বাণিজ্য এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে প্রায় ১১ মাস অনুসন্ধানের পর গত ফেব্রুয়ারিতে অভিযোগ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়।

সাবেক এ উপদেষ্টা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে এনসিপিতে যোগ দেন। নির্বাচনে লড়ার কথা বললেও শেষ পর্যন্ত ভোট করেননি তিনি। আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী হিসেবে তাকে সমর্থন করেছে এনসিপি।