০২ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪২

বরগুনায় বাসে অভিযান চালিয়ে ইয়াবাসহ মাদক কারবারি আটক

ইয়াবা বড়িসহ আটক ইব্রাহিম খলিল (মাঝে)  © সংগৃহীত

বরগুনা বাসস্ট্যান্ডে ঢাকাগামী একটি বাসে অভিযান চালিয়ে এক হাজার ইয়াবা বড়িসহ ইব্রাহিম খলিল (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য তিন লাখ টাকা।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বরগুনা বাসস্ট্যান্ডে ঢাকা থেকে আসা গ্রিন ভিউ পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে তার সঙ্গে থাকা ব্যাগ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

আটক ইব্রাহিম খলিল বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের ফুলতলা গ্রামের ছত্তার বয়াতীর ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে ইব্রাহিম খলিলের গতিবিধির ওপর নজর রাখছিলেন কর্মকর্তারা। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে, তিনি ঢাকা থেকে ইয়াবার একটি চালান নিয়ে বরগুনার উদ্দেশে রওনা হয়েছেন। পরে তাকে আটকের জন্য বরগুনা বাসস্ট্যান্ডে অবস্থান নেন অধিদপ্তরের সদস্যরা।

বাসটি বাসস্ট্যান্ডে পৌঁছালে তল্লাশির একপর্যায়ে ইব্রাহিম খলিলকে শনাক্ত করে তার ব্যাগ পরীক্ষা করা হয়। ব্যাগে থাকা কয়েকটি চিপসের প্যাকেটের মধ্যে একটি প্যাকেট অস্বাভাবিক ভারী ও শক্ত মনে হলে সেটি খুলে দেখা হয়। পরে ওই প্যাকেট থেকে পাঁচটি ছোট প্যাকেট উদ্ধার করা হয়। গণনা শেষে প্রতিটি প্যাকেটে ২০০টি করে মোট এক হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইব্রাহিম খলিল ইয়াবা বহনের কথা স্বীকার করেছেন। ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে বরগুনায় বিক্রির সঙ্গে তিনি জড়িত বলে অভিযোগ রয়েছে।

বরগুনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. হামিমুর রশীদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইব্রাহিম খলিলকে এক হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য তিন লাখ টাকা।

তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাৎ হাসনাইন পারভেজ জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা ইব্রাহিম নামের এক ব্যক্তিকে ইয়াবাসহ থানায় নিয়ে এসেছেন। তার বিরুদ্ধে মামলার পর বুধবার তাকে বরগুনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।