১৪ কেজি আইস ফেলে পালাল মাদক কারবারিরা
মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে ঢুকছিল মাদকের বড় চালান। কোস্টগার্ডের অভিযানের টের পেয়ে নৌকা ফেলে পালিয়ে যায় কারবারিরা। পরে দুটি কাঠের নৌকায় তল্লাশি চালিয়ে চায়ের প্যাকেটের ভেতর অভিনব কায়দায় লুকানো ১৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও ২০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বুধবার (সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে টেকনাফের কেরুনতলী এলাকায় কোস্টগার্ড স্টেশন টেকনাফের কর্মকর্তা কমান্ডার লেফটেন্যান্ট আরাফাত হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
কোস্টগার্ড সূত্রে জানা গেছে, মিয়ানমার থেকে নাফ নদী হয়ে ক্রিস্টাল মেথের দুটি বড় চালান বাংলাদেশে প্রবেশের গোপন তথ্য পায় কোস্টগার্ড। এর ভিত্তিতে বুধবার রাত ১টা থেকে ৩টা পর্যন্ত টেকনাফের জালিয়ার দ্বীপ ও জালিয়াপাড়া-সংলগ্ন এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা জালিয়ার দ্বীপসংলগ্ন প্যারাবন ও জালিয়াপাড়া-সংলগ্ন কেওড়া বনে কাঠের দুটি নৌকা বিচিং করে পালিয়ে যায়। পরে নৌকা দুটিতে তল্লাশি চালিয়ে চায়ের প্যাকেটে অভিনব কায়দায় মোড়ানো ১৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও ২০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
এদিকে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উখিয়ার পালংখালী পেট্রোল পাম্পসংলগ্ন এলাকায় আরেকটি অভিযান চালায় কোস্ট গার্ড। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করে ৫ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। পরে তাকে আটক করা হয়।
লেফটেন্যান্ট আরাফাত হোসেন বলেন, মিয়ানমার থেকে একটি মাদকের চালান প্রবেশের সময় দুটি নৌকাসহ জব্দ করা হয়েছে। নৌকায় তল্লাশি চালিয়ে চায়ের প্যাকেট থেকে ১৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়।
কোস্টগার্ডের এই কর্মকর্তা আরও বলেন, অপর একটি অভিযানে ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করা হয়েছে। জব্দ করা মাদক ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। মাদক পাচারের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আটকের জন্য গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত রয়েছে।