০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫

টঙ্গীতে মাদক কারবারের বিরোধে যুবককে কুপিয়ে হত্যা

হাসপাতালে নূরুল ইসলামের মরদেহ  © সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে মাদক কারবার ও এর নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিরোধের জেরে নূরুল ইসলাম (৩২) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও দুই পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে টঙ্গী পূর্ব থানার গোপালপুর এলাকার একটি মাঠে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত নূরুল ইসলাম গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ী এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি টঙ্গীর গোপালপুর এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় মাদক ক্রয়-বিক্রয় এবং মাদক কারবারের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে নূরুল ইসলামের সঙ্গে স্থানীয় কয়েকজনের বিরোধ চলছিল। এর জেরে মঙ্গলবার রাতে কয়েকজন যুবক তাকে বাসা থেকে ডেকে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।

পরে রাতের কোনো একসময় গোপালপুর এলাকার একটি মাঠে নিয়ে নূরুল ইসলামের ওপর হামলা চালানো হয়। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় তার দুই পায়ের রগ কেটে দেওয়া হয় বলেও স্থানীয় সূত্রে জানা গেছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে।

পরে স্থানীয়রা আহত নূরুল ইসলামকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হত্যাকাণ্ডের খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তদন্ত শুরু করে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে রাতেই একজন যুবককে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। তবে তদন্তের স্বার্থে আটক ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় লোকজন।