০১ সেপ্টেম্বর ২০২৬, ২০:১২

বিএনপি নেতার বাড়িতে গুলি, অস্ত্রসহ ছাত্রদল নেতা গ্রেফতার

পিস্তল ও গুলিসহ গ্রেফতার দুই  © টিডিসি সম্পাদিত

রাজধানীর ডেমরা থানা বিএনপির আহ্বায়ক এস এম রেজা চৌধুরী সেলিমের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারদের মধ্যে রয়েছেন ডেমরা থানা ছাত্রদলের আহ্বায়ক মো. মাসুদ রানা (৩৫), যিনি ‘কাইল্লা মাসুদ’ নামে পরিচিত।

সোমবার (৩১ আগস্ট) রাত আড়াইটার দিকে ডেমরা সেতুর ঢাল এলাকা থেকে প্রথমে তাপস (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি আলোচিত বিদ্যুৎ হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার দুপুরে ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মল্লিক আহসান ছামি এসব তথ্য নিশ্চিত করেন। 

পরে তাপসের দেওয়া তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাব পৌরসভার বরাব এলাকার জনৈক জলিলের বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে কাইল্লা মাসুদকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, বিএনপি নেতা এস এম রেজা চৌধুরী সেলিমের বাড়িতে গুলি ছোড়ার ঘটনায় তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ সময় তাদের কাছ থেকে দুটি পিস্তল, দুটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড পিস্তলের গুলি, একটি একনলা শটগান ও আট রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, মাসুদ রানা ডেমরার বক্সনগর এলাকার মৃত শাহজাহান মিয়ার পালক ছেলে। তাপস বড়ভাঙ্গা মহাকাশ রোড এলাকার মৃত গোলাম মোস্তফার ছেলে। তার বিরুদ্ধে রুবেল হত্যা মামলায় সাজা হয়েছে। 

পুলিশের দাবি, ৫ আগস্টের পর ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রানার মাধ্যমে তাপস বর্তমানে বিএনপির নাম ব্যবহার করে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। একই সঙ্গে তারা ডেমরা থানা এলাকায় অস্ত্রের দাপটে মাদক ব্যবসা চালিয়ে আসছিল বলেও অভিযোগ রয়েছে।

ডেমরা থানার ওসি মির্জা তাইফুর রহমান বলেন, ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রানাকে অস্ত্রসহ রূপগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে এ বিষয়ে রূপগঞ্জ থানায় মামলা হওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। রূপগঞ্জের বরাব এলাকার জলিলের বাড়ির একটি পরিত্যক্ত ঘরে কাঠের পাটাতনের ওপর থেকে একটি পুরোনো একনলা শটগান ও আট রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। পরে ওই এলাকায় তাপসের ভাড়া বাসায় অভিযান চালিয়ে দুটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এর আগে গত ২৮ আগস্ট ভোররাতে ডেমরা থানা বিএনপির আহ্বায়ক এস এম রেজা চৌধুরী সেলিমের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটে। এ সময় চারটি মোটরসাইকেলে করে আটজন ব্যক্তি ওই বাড়ির সামনে গিয়ে তিন রাউন্ড গুলি ছোড়েন বলে অভিযোগ করা হয়। এতে বাড়ির দোতলার একটি জানালার কাচ ভেঙে যায়।

ঘটনার পর ঘটনাস্থল থেকে দুটি পিস্তলের গুলির খোসা ও একটি শটগানের কার্তুজ উদ্ধার করা হয়। ওই ঘটনার সঙ্গে গ্রেফতারদের কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্রগুলোর কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।