৩০ আগস্ট ২০২৬, ২১:১০

চার বন্ধুকে সঙ্গে নিয়ে প্রেমিকাকে রাতভর ধর্ষণ, গ্রেপ্তার ১

গ্রেপ্তার মো. সাকিব  © সংগৃহীত

কুমিল্লার লালমাই পাহাড়ে নিয়ে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৫) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে প্রেমিক ও তার চার বন্ধুর বিরুদ্ধে। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রবিবার (৩০ আগস্ট) সদর দক্ষিণ উপজেলার লালমাই পাহাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার মো. সাকিব (২০) আদর্শ সদর উপজেলার কালীরবাজার ইউনিয়নের উজিরপুর এলাকার শহীদ মিয়ার ছেলে। অভিযুক্ত প্রেমিকসহ আরও ৪ জনকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

জানা যায়, গতকাল শনিবার (২৯ আগস্ট) বিকেলে প্রেমিক সিয়ামের ফোন পেয়ে চান্দিনা উপজেলার নিজ বাড়ি থেকে কিশোরীটি কুমিল্লা নগরীর ধর্মসাগর এলাকায় আসে। পরে সিয়াম তাকে কোটবাড়ি এলাকায় ঘুরতে যাওয়ার কথা বলে মোটরসাইকেলে তুলে নেয়। সেখান থেকে কুমিল্লার লালমাই পাহাড়ের সাধেরমুড়া এলাকার একটি নির্জন স্থানে তাকে নিয়ে যাওয়া হয়। 

ওই এলাকায় যাওয়ার পর আগে থেকেই সেখানে উপস্থিত ছিল সিয়ামের কয়েকজন বন্ধু। সন্ধ্যা ঘনিয়ে এলে কিশোরীকে ভয়ভীতি দেখিয়ে সিয়ামসহ তার বন্ধুরা রাতভর ধর্ষণ করে। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশ অভিযান শুরু করে।

ভোরে ওই কিশোরীকে নিয়ে তার প্রেমিকসহ চারজন ঘটনাস্থল থেকে বের হয়ে যাওয়ার সময় স্থানীয়রা সন্দেহের ভিত্তিতে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করার সময় ওই কিশোরী ঘটনাটি স্থানীয়দের কাছে জানায়। পরে চারজন ঘটনা থেকে পালিয়ে গেলেও একজনকে আটক করে স্থানীয়রা।

জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। সেই সাথে ওই কিশোরীকে হাসপাতালে পরীক্ষা করার জন্য প্রেরণ করা হয়েছে। তার মেডিকেল পরীক্ষার পর আরো বিস্তারিতভাবে জানা যাবে।

তিনি আরও বলেন, এই ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন আছে। বাকি চারজনকে ধরতে জেলা পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।