রাজধানীতে লিফটের ফাঁকা জায়গায় পড়ে শিক্ষকের মৃত্যু
রাজধানীর হাজারীবাগের টালি অফিস এলাকায় একটি ভবনের লিফটের ফাঁকা জায়গায় পড়ে সুভাষ চন্দ্র পাল (৭৩) নামে এক অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলের সাবেক শিক্ষক ছিলেন।
রবিবার (৩০ আগস্ট) সকাল ৭টার দিকে হাজারীবাগের টালি অফিস মোড়ের সুলতানগঞ্জ এলাকার ২৫৫/২ নম্বর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে সকাল সাড়ে ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুভাষ চন্দ্রের ছেলে কৃষ্ণ গোপাল পাল বলেন, ‘ওই ভবনের সপ্তম তলায় আমাদের নিজেদের ফ্ল্যাট। প্রতিদিন সকালে বাবা হাঁটতে বের হতেন। আজ সকালে ভবনের নির্মাণশ্রমিকদের কাছ থেকে জানতে পারি, বাবা লিফটের ফাঁকা জায়গায় পড়ে গেছেন। পরে শ্রমিকেরা তাকে সেখান থেকে উদ্ধার করেন। পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি হাজারীবাগ থানা পুলিশ তদন্ত করছে।