জনগণকে সঙ্গে নিয়ে অপরাধ দমনের নির্দেশ আইজিপির
জনগণকে সঙ্গে নিয়ে অপরাধ দমনে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। একই সঙ্গে কোনো ঘটনা ঘটার আগেই গোয়েন্দা তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
শনিবার (২৯ আগস্ট) রাজারবাগ পুলিশ লাইন্সের বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে দিনব্যাপী অনুষ্ঠিত পুলিশ হেডকোয়ার্টার্স ত্রৈমাসিক সম্মেলনের শেষ অধিবেশনে সভাপতির বক্তব্যে এসব নির্দেশনা দেন আইজিপি।
এর আগে সকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। অতিরিক্ত আইজিগণ, সব মহানগর পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা সম্মেলনে উপস্থিত ছিলেন।
আইজিপি বলেন, ‘সকল ধরনের অপপ্রচার ও গুজব সম্পর্কে সতর্ক থাকতে হবে। কোনো ঘটনা ঘটার আগেই সে সম্পর্কে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। পুলিশ দেশের জন্য, জনগণের কল্যাণে কাজ করছে।’ এ সময় তিনি পুলিশ সদস্যদের ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সম্মেলনে অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম এপ্রিল-জুন ২০২৬ ত্রৈমাসিকের দেশের সার্বিক অপরাধ পরিস্থিতি তুলে ধরেন।
সভায় এ সময়ে সংঘটিত ডাকাতি, দস্যুতা, খুন, ধর্ষণ, পুলিশ আক্রান্ত ও অপহরণ মামলা, মুলতবি গ্রেফতারি পরোয়ানা, তদন্ত ও বিচারের ফলাফল এবং সাজার হারসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় ডাকাতি ও ধর্ষণ মামলার তদন্ত কার্যক্রম বাড়ানোর নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি পুলিশ আক্রান্তের ঘটনায় দায়ের হওয়া মামলার তদারকি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। মুলতবি মামলা কমিয়ে সাজার হার বাড়ানোর বিষয়েও জোর দেওয়া হয়।
এ ছাড়া নিখোঁজ-সংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডি) গুরুত্বের সঙ্গে তদন্ত করার জন্য মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়।
সম্মেলনে পিবিআই প্রধান (অতিরিক্ত আইজি) মো. মোস্তফা কামাল, সিআইডি প্রধান (অতিরিক্ত আইজি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন, এটিইউ প্রধান (অতিরিক্ত আইজি) মো. রেজাউল করিম, র্যাব মহাপরিচালক (অতিরিক্ত আইজি) মো. আহসান হাবীব পলাশ এবং এসবি প্রধান (অতিরিক্ত আইজি) সরদার নুরুল আমিনসহ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানরা নিজ নিজ ইউনিটের কার্যক্রম সম্পর্কে মাঠপর্যায়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।