প্রক্সি দিয়ে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ, মৌখিক দিতে এসে ৬ প্রার্থী আটক
ভূমি মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদে প্রক্সি প্রার্থীর মাধ্যমে লিখিত পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হওয়ার অভিযোগে মৌখিক পরীক্ষা দিতে এসে ছয় প্রার্থী আটক হয়েছেন। শুক্রবার (২৮ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ের ৪ নম্বর ভবনের ৩৩৭ নম্বর কক্ষে অফিস সহায়ক পদের মৌখিক পরীক্ষা চলাকালে তাদের আটক করা হয়।
জানা গেছে, ভূমি মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ১১ এপ্রিল। এরপর ১৫ মে লিখিত পরীক্ষা নেওয়া হয়। শুক্রবার মোট ৮০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়ার কথা ছিল।
মৌখিক পরীক্ষার সময় কয়েকজন প্রার্থীর হাতের লেখা ও মেধা যাচাই করতে গিয়ে পরীক্ষকদের সন্দেহ হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদ করা হলে ছয়জন প্রক্সি প্রার্থীর মাধ্যমে লিখিত পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হওয়ার কথা স্বীকার করেন বলে জানা গেছে।
আটক প্রার্থীরা হলেন- সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার মো. রবিউল, রংপুরের মিঠাপুকুর উপজেলার মো. আসাদুজ্জামান খান, বগুড়ার সোনাতলা উপজেলার মো. রাকিব হাসান, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মো. রাকিবুল হাসান, বগুড়ার সোনাতলা উপজেলার মো. শুভ মিয়া এবং নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মো. সবুজ ইসলাম।
ঘটনার পর ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলাদেশ সচিবালয় ডিএমপি পুলিশের মাধ্যমে বিষয়টি শাহবাগ থানাকে জানানো হয়। পরে শাহবাগ থানার এসআই শহীদুল আলমের তত্ত্বাবধানে ছয় প্রার্থীকে রাত ৯টা ৫০ মিনিটের দিকে বাংলাদেশ সচিবালয় থেকে শাহবাগ থানায় নেওয়া হয়।
শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, আটক ছয় প্রার্থীর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।