২৮ আগস্ট ২০২৬, ১৫:০৮
মহাখালী থেকে ৩ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার এক
রাজধানীর বনানী থানা এলাকা থেকে ৩ হাজার পিস ইয়াবাসহ মো. জয়নাল আবেদীন ওরফে মিন্টু (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মতিঝিল বিভাগ।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে বনানী থানার মহাখালী আমতলা থেকে তিতুমীর কলেজগামী সড়কের অ্যাডভান্স নুরানী টাওয়ারের সামনে ফুটপাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গোয়েন্দা মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, অভিযানে জয়নাল আবেদীন ওরফে মিন্টুর কাছ থেকে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে GDL ব্র্যান্ডের G8+ মডেলের একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার জয়নাল আবেদীন ওরফে মিন্টুর বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।