কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে ঢেউয়ের টানে ভেসে গিয়ে ইয়াছিন খান (২৫) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোহাম্মদ ইব্রাহিম খান (২৭) নামের আরও এক পর্যটক নিখোঁজ রয়েছেন।
বুধবার (২৬ আগস্ট) বেলা আড়াইটার দিকে সৈকতের জল তরঙ্গ পয়েন্ট-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
ইয়াছিন খান রাজধানী ঢাকার কুড়িল চৌবাস্তা এলাকার বাসিন্দা। নিখোঁজ মোহাম্মদ ইব্রাহিম খান ও ইয়াছিন আইজেটকেপি কোম্পানিতে কর্মরত বলে জানা গেছে।
সৈকতে কক্সবাজার জেলা প্রশাসনের নিয়োজিত কর্মী মাহবুব আলম জানান, ২২ ও ২৪ আগস্ট পর্যায়ক্রমে প্রায় ১১০ সদস্যের একটি দল কক্সবাজারে আসে। বর্তমানে তারা হোটেল বিস্তা বে-তে অবস্থান করছে। বুধবার দুপুরে দলটির দুই সদস্য জল তরঙ্গ পয়েন্টের সামনে সাগরে নামলে হঠাৎ ঢেউয়ের টানে ভেসে যান। খবর পেয়ে লাইফগার্ড সদস্যরা উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে ইয়াছিন খানকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে নিখোঁজ মোহাম্মদ ইব্রাহিম খানের সন্ধানে লাইফগার্ড ও ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান চালিয়ে যাচ্ছেন।
সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য অনুযায়ী, কক্সবাজার সমুদ্রসৈকতে পানিতে নেমে দুর্ঘটনার ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। গত এক বছরে সৈকতে গোসলে নেমে ২৬ জন পর্যটকের মৃত্যু হয়েছে। একই সময়ে দুজন পর্যটক নিখোঁজ হয়েছেন।
সৈকতে দায়িত্বরত লাইফগার্ড ও প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের নিরাপদ এলাকায় গোসল করা এবং সতর্কতা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।