২৬ আগস্ট ২০২৬, ১৮:১৮

বাগেরহাটে অভিযানে মাদক-জাল টাকাসহ গ্রেপ্তার ১১

পৃথক অভিযানে ইয়াবা, গাঁজা, চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ব্যক্তিরা  © সংগৃহীত

বাগেরহাটে জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে ইয়াবা, গাঁজা, চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সদর উপজেলার নাগেরবাজার ও খানজাহান আলী (রহ.) মাজার সংলগ্ন এলাকায় এসব অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, নাগেরবাজারসহ বিভিন্ন এলাকায় জেলা পুলিশ ও ডিবির যৌথ অভিযানে চলাচলের পথগুলোয় বিশেষ তল্লাশি চালানো হয়। এ সময় বসতঘর ও সন্দেহভাজন ব্যক্তিদের দেহ তল্লাশি করে ৩১৫টি ইয়াবা বড়ি, ১৪০ পুরিয়া গাঁজা, ৪ লিটার চোলাই মদ এবং অপরাধে ব্যবহৃত ৫৫টি ছুরি উদ্ধার করা হয়। এ ঘটনায় ৭ পুরুষ ও এক নারীসহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে ডিবির পৃথক অভিযানে খানজাহান আলী (রহ.) মাজার-সংলগ্ন পুকুরপাড় থেকে ৯০ হাজার টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা জালনোটের প্রতিটি এক হাজার টাকা মূল্যমানের।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বাগেরহাট সদর মডেল থানায় পৃথক মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার জানান, মাদক ও বিভিন্ন অপরাধের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।