২৬ আগস্ট ২০২৬, ১৫:৫৯

গ্রেপ্তারের পর কারাগারে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নেতা

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক রাজ্যেশ্বর দাশ  © সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক রাজ্যেশ্বর দাশকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে, মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের সরাফপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। 

রাজ্যেশ্বর দাশ সরাফপুর গ্রামের মৃত কাত্তিক চন্দ্র দাসের ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাতক্ষীরা জেলা কমিটির অর্থবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন।

আশাশুনি থানা-পুলিশ জানায়, থানায় দায়ের করা একটি নিয়মিত মামলায় রাজ্যেশ্বর দাশ পলাতক আসামি ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর আরিফ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজ্যেশ্বর দাশ একটি নিয়মিত মামলার পলাতক আসামি ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারের পর বুধবার রাজ্যেশ্বর দাশকে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।