টিসিবির পণ্য বিতরণ নিয়ে বিরোধ, ‘পিটুনি’তে সাবেক ইউপি সদস্য নিহত
ঝিনাইদহের শৈলকুপায় টিসিবির পণ্য বিতরণকে কেন্দ্র করে বিরোধের জেরে ইলিয়াস হোসেন নামে এক সাবেক ইউপি সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ইলিয়াস হোসেন পেশায় কৃষক ছিলেন। তিনি উপজেলার ৫ নম্বর কাঁচেরকোল ইউনিয়নের খন্দকবাড়িয়া গ্রামের বাসিন্দা এবং ওই ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য। বর্তমানে তিনি পৌরসভার মালিপাড়া এলাকায় বসবাস করতেন।
পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে টিসিবির পণ্য বিতরণকে কেন্দ্র করে ইলিয়াস হোসেনের ছেলে রিসালাত হোসেন (ম্যাজিস্ট্রেট) ও চতুড়া গ্রামের মজিবর হোসেনের ছেলে মাজিদুল ইসলামের মধ্যে তর্কবিতর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে ওই বিকেলে হাজি মার্কেট এলাকায় ইলিয়াস হোসেনকে থামিয়ে অতর্কিতভাবে হামলা চালানো হয়। এ সময় তাকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করা হয় বলে পরিবারের অভিযোগ।
পরে স্থানীয়রা অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চারদিন চিকিৎসাধীন থাকার পর গতকাল সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যায় তিনি মারা যান।
ইলিয়াস হোসেনের মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বিষেয়ে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।