টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথসহ মিয়ানমারের নাগরিক আটক
টেকনাফ সীমান্তে নাফ নদীতে বিশেষ অভিযান চালিয়ে তিন কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক পাচারের সঙ্গে জড়িত মিয়ানমারের এক নাগরিককে আটক করা হয়েছে। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাঠের নৌকা করা হয়।
শনিবার (২২ আগস্ট) টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ সাবরাং বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নাফ নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্র জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২২ আগস্ট জানা যায়, মিয়ানমার থেকে নাফ নদী অতিক্রম করে সাবরাং এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করবে। এ তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়কের পরিকল্পনা ও নির্দেশনায় সাবরাং বিওপির কাছাকাছি নাফ নদীতে বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।
পরিকল্পনা অনুযায়ী, বিজিবির একটি বিশেষ আভিযানিক দল অত্যাধুনিক ফ্যান্টম বোট নিয়ে রাত ১টার দিকে নাফ নদীতে কৌশলগত অবস্থান নেয়। পরে সকাল আনুমানিক ৭টার দিকে প্রযুক্তিগত পর্যবেক্ষণের মাধ্যমে মিয়ানমার জলসীমা থেকে একটি কাঠের নৌকাকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। নৌ-টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নৌকাটিকে চ্যালেঞ্জ করলে বিজিবির উপস্থিতি টের পেয়ে নৌকায় থাকা মাদক পাচারকারীদের মধ্যে তিনজন নাফ নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে বাংলাদেশের অভ্যন্তরে পালিয়ে যায়। তবে অভিযানকারী দল মাদক পাচারের সঙ্গে জড়িত একজজন মিয়ানমার নাগরিককে আটক করেছে। পরে নৌকাটি তল্লাশি চালিয়ে গোপন কুঠুরিতে লুকিয়ে রাখা তিনটি প্যাকেট উদ্ধার করেছে যার প্রতিটি প্যাকেট এক কেজি মোট ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি হস্তচালিত কাঠের নৌকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। আটক ব্যক্তি মো. শাহ আলম (৫০)। তিনি মিয়ানমারের মংডু থানার পুইমালি গ্রামের বাসিন্দা ফজল করিমের ছেলে।
টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক চোরাচালান, অবৈধ অনুপ্রবেশসহ সীমান্ত এলাকার সব ধরনের অপরাধ প্রতিরোধে বিজিবি সতর্ক ও তৎপর রয়েছে। বিশেষ করে ক্রিস্টাল মেথ (আইস) পাচার ঠেকাতে গোয়েন্দা নজরদারি, প্রযুক্তিগত পর্যবেক্ষণ, নৌ টহল ও বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।
বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তি, উদ্ধার করা তিন কেজি ক্রিস্টাল মেথ আইস ও অন্যান্য আলামতের বিরুদ্ধা মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, বিজিবি তিন কেজি আইসহ একজন মিয়ানমার নাগরিককে আটক করে থানা হস্তান্তর করেছে। পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করে কক্সবাজার আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন।