গাজীপুরে কৃষক দল নেতার কার্যালয় লক্ষ্য করে গুলি
গাজীপুরের শ্রীপুরে মো. জজ মিয়া নামের এক কৃষক দল নেতার ব্যক্তিগত কার্যালয় লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনি অক্ষত থাকলেও আতঙ্কে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। গুলিতে কার্যালয়ের দুটি অংশের কাচ ছিদ্র হয়ে গেছে।
শনিবার (২২ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজারসংলগ্ন আরএকে সিরামিকস কারখানার সামনে জজ মিয়ার নিজস্ব কার্যালয়ে এ ঘটনা ঘটে।
জজ মিয়া শ্রীপুরের গাজীপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের জনাব আলীর ছেলে। তিনি গাজীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি।
জজ মিয়ার ভাষ্য, রাতে তিনি তার ব্যক্তিগত কার্যালয়ে বসে ছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে করে তিন ব্যক্তি কার্যালয়ের সামনে এসে তাকে লক্ষ্য করে লেজার লাইট ফেলেন। মুহূর্তের মধ্যে তাকে লক্ষ্য করে দুই থেকে তিনটি গুলি ছুড়ে মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন তারা। তিনি হামলাকারীদের কাউকে চিনতে পারেননি।
তিনি বলেন, গুলির শব্দে তিনি আতঙ্কিত হয়ে পড়েন। পরে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে তাকে কার্যালয়ের ভেতর থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
স্থানীয়রা জানান, গুলির শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। তবে এর আগেই হামলাকারীরা দ্রুত সেখান থেকে চলে যায়।
ঘটনার খবর পেয়ে শ্রীপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, কারা এ ঘটনায় জড়িত, তা তদন্তের পর জানা যাবে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।