ফেনীর লালপোল বেদেপল্লিতে মাদকবিরোধী অভিযান, আটক ১৭
ফেনীতে মাদকের ‘হটস্পট’-খ্যাত লালপোল বেদেপল্লিতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৭ জনকে আটক করা হয়েছে। রবিবার (২৩ আগস্ট) জনগণের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট ও গণউপদ্রবের ধারায় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর আদালতে পাঠানো হবে।
এর আগে শনিবার (২৩ আগস্ট) রাতে শহরতলির লালপোল এলাকার বেদেপল্লিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামে মাদক পাচারের নিরাপদ রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে মহাসড়ক-সংলগ্ন মাদক কারবারের অন্যতম হট স্পট-খ্যাত লালপোল বেদেপল্লি। এখানে বসবাসরত ৮০ থেকে ১০০ পরিবারের সদস্যদের অনেকেই মাদক কারবারের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ স্থানে একাধিকবার অভিযান পরিচালনা করেন। সর্বশেষ শনিবার রাতেও পুলিশ বেদেপল্লিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৭ জনকে আটক করেছে।
আরও পড়ুন: আজ ‘কালো দিবস’ পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়, কী হয়েছিল সেদিন?
এ ব্যাপারে ফেনী মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ বলেন, পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে লালপোল এলাকার বেদেপল্লিতে অভিযান চালানো হয়। অভিযানে ১৭ জন মাদকসেবীকে আটক করা হয়েছে। আটকরা বর্তমানে থানা হাজতে রয়েছেন। রবিবার জনগণের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট ও গণউপদ্রবের ধারায় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর আদালতে পাঠানো হবে।