সিনেপ্লেক্সের শৌচাগারে নারীর ভিডিও ধারণ, যুবক গ্রেপ্তার
চট্টগ্রামে সিনেপ্লেক্সের শৌচাগারে গোপনে এক নারীর ভিডিও ধারণের অভিযোগে জিতু পাল (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় জিতু পালের বিরুদ্ধে পর্নোগ্রাফি মামলা করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) সকালে তাকে আদালতে পাঠানো হয়।
শুক্রবার (২১ আগস্ট) রাতে তার বিরুদ্ধে মামলা করা হয়। জিতু চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বাসিন্দা। তিনি সিনেপ্লেক্সে সাত-আট মাস ধরে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে এক নারী পরিবারের সদস্যদের সঙ্গে ফিনলে স্কয়ারের সিনেপ্লেক্সে সিনেমা দেখতে যান। একপর্যায়ে তিনি শৌচাগারে গেলে কৌশলে মুঠোফোন দিয়ে তার ভিডিও ধারণ করা হচ্ছে বুঝতে পারেন। পরে হাতেনাতে জিতু পালকে আটক করেন তিনি।
আরও পড়ুন: ৬ দশকেও লাইব্রেরিতে জায়গা হয়নি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের
পরে আশপাশে থাকা লোকজন জিতুর মুঠোফোন পরীক্ষা করে ওই নারীর ভিডিও দেখতে পান। একই সঙ্গে বিভিন্ন সময়ে আরও কয়েকজন নারীর গোপনে ধারণ করা ভিডিও তার কাছে পাওয়া যায়। এ ঘটনায় সিনেপ্লেক্স কর্তৃপক্ষ ও উপস্থিত লোকজন পুলিশকে খবর দেন। পরে পাঁচলাইশ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে জিতু পালকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, মুঠোফোনে পাওয়া ভিডিওগুলো যাচাই-বাছাই শেষে জিতু পালের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা করা হয়েছে। আজ শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।