গাঁজাগাছ চাষের অভিযোগে আটক ১
গোপালগঞ্জে গাঁজা সেবন ও গাঁজা গাছ চাষের অভিযোগে মো. ইমামুল হক সিকদার (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাতে সদর উপজেলার উলপুর ইউনিয়নের মালেঙ্গা তেতুলিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন চন্দ্র দেবনাথ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ইমামুল হক সিকদারের বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির পাশের একটি বাগানে অভিযান চালিয়ে দুটি গাঁজা গাছ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ইমামুল দীর্ঘদিন ধরে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক সেবন করে আসছিলেন। প্রায় পাঁচ মাস আগে তিনি বাড়ির ছাদে টবের মধ্যে ১০টি গাঁজা গাছ রোপণ করেন। গাছগুলো কিছুটা বড় হওয়ার পর লোকচক্ষুর আড়ালে রাখতে সেগুলো বাড়ির পাশের একটি বাগানে নিয়ে রোপণ করে পরিচর্যা করছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পুলিশের ধারণা, নিজের সেবন অথবা বিক্রির উদ্দেশ্যে গাঁজা গাছগুলো চাষ করা হয়ে থাকতে পারে। তবে কী উদ্দেশ্যে তিনি গাঁজা গাছ চাষ করছিলেন, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
অভিযানের সময় উদ্ধার হওয়া দুটি গাঁজা গাছ আলামত হিসেবে জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।