২১ আগস্ট ২০২৬, ০৭:০৭

ঢাকা মেডিকেলের সামনে থেকে কিশোরীর মরদেহ উদ্ধার: পরিচয় শনাক্ত, গ্রেপ্তার ৩

গ্রেপ্তার দুইজন  © সংগৃহীত

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে উদ্ধার করা অজ্ঞাতনামা সেই কিশোরীর পরিচয় তথ্যপ্রযুক্তির সহায়তায় শনাক্ত করেছে শাহবাগ থানা পুলিশ। নিহত কিশোরীর নাম মিম আক্তার (১৫)। এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো-১। এ বি এম আব্দুর রাজ্জাক (৪৭), ২। মো. ফয়সাল আহমেদ (৩৫) এবং ৩। রাহেমা খাতুন রেশমা (২৯)। 

শাহবাগ থানা সূত্রে জানা যায়, গত ১২ আগস্ট ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের সামনে এক কিশোরীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে শাহবাগ থানা পুলিশ তাৎক্ষণিকভাবে লাশের পরিচয় শনাক্তে প্রযুক্তিনির্ভর তদন্ত শুরু করে। পরিচয় নিশ্চিত হওয়ার পর মৃত্যুর রহস্য উদঘাটনে শাহবাগ থানা পুলিশের একটি বিশেষ টিম গঠন করা হয়। এ ঘটনায় ১৩ আগস্ট শাহবাগ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

পরবর্তীতে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোর আনুমানিক ৫ টা ১০ ঘটিকায় রাজধানীর ডেমরা থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

প্রাথমিকভাবে জানা যায়, অপরাধ ঢাকার উদ্দেশ্যে আসামিরা মিম আক্তারের লাশ হাসপাতালে ফেলে রেখে পালিয়ে যায়। গ্রেপ্তার এড়াতে তারা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার বাসা ছেড়ে রাতারাতি স্বপরিবারে অন্যত্র গা ঢাকা দিয়েছিল। এছাড়া সিদ্ধিরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।