২০ আগস্ট ২০২৬, ২০:২৪

চুরি-ছিনতাই-মাদক মামলার পরে পদ হারালেন স্বেচ্ছাসেবক দল নেতা

মোহাম্মদ সোলায়মান রুবেল  © সংগৃহীত

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য মোহাম্মদ সোলায়মান রুবেল। তার বিরুদ্ধে মাদক ব্যবসা, জুয়া, চুরি-ছিনতাই ও ভূমি দখলের অন্তত দশটি মামলা রয়েছে। সবশেষ দলীয় শৃঙ্খলা ও নীতিবহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগে তার দলীয় পদ স্থগিত করেছে দলটি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সদস্য মো. জাহিদুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে তার পদ স্থগিতের বিষয়টি জানানো হয়।

মামলার তথ্য অনুযায়ী, সোলেমান রুবেলের বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত ১০টি মামলা রয়েছে। এর মধ্যে নগরের বায়েজিদ বোস্তামী থানায় ৮টি, কোতোয়ালী ও পাঁচলাইশ থানায় ১টি করে মামলা রয়েছে। এসব মামলায় একাধিকবার গ্রেপ্তার হয়ে কারাগারেও গেছেন। বর্তমানে মামলাগুলো চট্টগ্রামের আদালতে বিচারাধীন রয়েছে বলে জানা গেছে।

অভিযুক্ত মো. রুবেল পাঁচলাইশ থানার ৪৩ নম্বর সাংগঠনিক ওয়ার্ডের সদস্য। তিনি সাতকানিয়ার পূর্ব গাটিয়াডাঙ্গার খালাসির বাড়ির সুলতান আহম্মদের ছেলে। বর্তমানে তিনি বায়েজিদ বোস্তামী থানার রৌফবাদ পাহাড়িকা আবাসিক এলাকায় নিজস্ব বাড়িতে বসবাস করছেন।

অভিযোগের বিষয়ে জানতে সোলেমান রুবেলের ব্যক্তিগত নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি সংযোগ তোলেননি। 

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু বলেন, ‘সোলেমান রুবেলের বিরুদ্ধে সুনির্দিষ্ট কিছু অভিযোগ পাওয়া গিয়েছিল। পরে তদন্ত ও যাচাই-বাছাই শেষে অভিযোগের সত্যতা পাওয়ায় দলীয় নিয়ম অনুযায়ী তার পদ স্থগিত করা হয়েছে।’