মহাখালী থেকে এনার আস্ত বাস চুরি, অতঃপর...
ঢাকার মহাখালী বাস টার্মিনাল থেকে এনা পরিবহনের ৪০ আসনের একটি বাস চুরি হয়েছিল। তবে জিপিএস ট্র্যাকারের মাধ্যমে বাসটির অবস্থান শনাক্ত করে দ্রুত উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাস থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য নিশ্চিত করেন।
৯৯৯-এর তথ্য অনুযায়ী, বুধবার ভোর ৪টার দিকে ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন মহাখালী বাস টার্মিনাল থেকে মাহফুজ নামে এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন। তিনি জানান, টার্মিনালে পার্কিং করে রাখা এনা পরিবহনের ৪০ আসনের একটি বাস চুরি হয়ে গেছে। বাসে সংযুক্ত জিপিএস ট্র্যাকারে তারা দেখতে পাচ্ছেন, চুরি হওয়া বাসটি মিরপুর বেড়িবাঁধের দিকে চলমান রয়েছে।
খবর পাওয়ার পর ৯৯৯ তাৎক্ষণিকভাবে বাসটি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কন্ট্রোল রুম, তুরাগ থানা ও রূপনগর থানাকে বিষয়টি জানায়।
৯৯৯ নম্বরে কলটি গ্রহণ করেন কলটেকার কনস্টেবল সাখাওয়াত হোসেন। পরে বিষয়টি নিয়ে কলার ও সংশ্লিষ্ট থানাগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখেন ৯৯৯-এর পুলিশ ডিসপাচার এসআই আমিনুল ইসলাম।
৯৯৯ থেকে খবর পাওয়ার পর রূপনগর থানার একটি দল বাসটি উদ্ধারে অভিযান শুরু করে। পরে মিরপুর বেড়িবাঁধের পঞ্চবটি মোড় থেকে প্রায় ৫০০ গজ উত্তরে ধাওয়া করে এনা পরিবহনের বাসটি আটক করা হয়। বাসটির নম্বর ঢাকা মেট্রো-ব-১৪-৭৩০৯। বাসটি আটকের সময় চুরির অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রাসেল (২১) ও লালচান (৩০)।
মো. রাসেলের বাবার নাম মো. রবিউল্লাহ এবং মায়ের নাম মৃত রাশিয়া। তার গ্রামের বাড়ি নরসিংদীর রায়পুর থানার হিঙ্গাতলী এলাকায়। বর্তমানে তিনি ঢাকার মহাখালী বাস টার্মিনালে থাকেন।
অন্য গ্রেপ্তার ব্যক্তি লালচানের মায়ের নাম নাসিমা বেগম। তার গ্রামের বাড়ি শেরপুরের ঝিনাইগাতী থানার পাইকড়া এলাকায়। বর্তমানে তিনি তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন তিব্বত এলাকার আলকাতরা ফ্যাক্টরিতে থাকেন। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।