৬৪ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবা, নগদ ৪ লাখ ৫৫ হাজার টাকা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি বিলাসবহুল মাইক্রোবাসসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে গোপালগঞ্জ শহরের এলজিইডি মোড়ে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন গোপালগঞ্জের উজ্জ্বল মোল্লা (৪০) ও তার সহযোগী ওয়াসিম মোল্লা (২৫)।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে এলজিইডি মোড় এলাকায় অবস্থান নেয় ডিবি পুলিশের একটি দল। এ সময় সন্দেহভাজন একটি সাদা রঙের নতুন মডেলের মাইক্রোবাস ওই এলাকা দিয়ে যাওয়ার সময় পুলিশ গাড়িটিতে তল্লাশি চালায়। প্রথমে মাইক্রোবাসে থাকা দুই ব্যক্তির কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের সঙ্গে থাকা একটি লাগেজে তল্লাশি চালিয়ে আরও ৫৯ হাজার ১২৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ছাড়া তাদের কাছ থেকে মাদক বিক্রির ৪ লাখ ৫৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। মাদক পরিবহনে ব্যবহৃত সাদা রঙের বিলাসবহুল মাইক্রোবাসটিও জব্দ করেছে পুলিশ।
পুলিশের দাবি, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে তারা গাড়িতে ভুয়া নম্বর প্লেট ব্যবহার করে টেকনাফ ও কক্সবাজার এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করতেন। পরে এসব ইয়াবা গোপালগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন।
আরও দেখুন: খদরে আস্ত খাসিকাণ্ডে সামনে এলো জাপানপ্রবাসী বরের ফর্দনামা
গোপালগঞ্জের সহকারী পুলিশ সুপার মো. হাসানুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ইয়াবা, নগদ টাকা ও মাদক পরিবহনে ব্যবহৃত গাড়ি জব্দ করা হয়।’
তিনি আরও জানান, গ্রেপ্তার উজ্জ্বল মোল্লার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১০টিরও বেশি মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে মাদক সংশ্লিষ্ট একাধিক অভিযোগও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে মাদক ব্যবসার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।