টঙ্গীতে বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসর, গ্রেপ্তার ১৫
গাজীপুরের টঙ্গীতে বিএনপি নেতার বাড়িতে বসা জুয়ার আসরে অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। এ সময় জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আজ মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টঙ্গীর বউবাজার সরকারবাড়ি রোড এলাকায় এ অভিযান চালানো হয়। টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) মো. জিল্লুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শ্রী দীপক (৫০), মো. শহিদ (৫৫), মো. ইমাম হোসেন (৪৩), মো. আব্দুস সালাম (৪২), মো. আঃ রশিদ (৬৫), মো. মোস্তফা (৩৫), মো. আবুল কাশেম (৫৩), দিলীপ সরকার (৪৭), সাধন কুমার বিশ্বাস (৪২), মো. ইলিয়াস (৫০), মো. মুকলেছ (৪৮), কাজী জামাল (৫০), মো. কবির হোসেন কাকন (৪৩), মো. জামাল হোসেন (৪৬) ও মো. কামাল শেখ (৪৬)।
পুলিশ জানায়, বউবাজার সরকারবাড়ি রোড এলাকায় ৪৫ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিম বেপারীর বাড়িতে দীর্ঘদিন ধরে নিয়মিত জুয়ার আসর বসানোসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ চলে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামসহ ১৫ জনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের থানায় নেওয়ার সময় বিএনপি নেতা আব্দুল হালিম বেপারীর নেতৃত্বে একদল যুবক পুলিশের কাজে বাধা দেয়। এ সময় পুলিশ বহনকারী সিএনজিচালককে মারধর এবং ঘটনাস্থলে থাকা এক সাংবাদিকের মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ ওঠে।
এ ঘটনায় আব্দুল হালিম বেপারীকে প্রধান আসামি করে পৃথক দুটি মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) মো. জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আব্দুল হালিম বেপারীকে এক নম্বর আসামি করে পৃথক দুটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার ১৫ জনকে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।