নবম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, তিন যুবককে যাবজ্জীবন কারাদণ্ড
ফরিদপুরের বোয়ালমারীতে নবম শ্রেণির ছাত্রীকে বাড়ি থেকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় তিন যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড আদায় করে ভুক্তভোগীর পরিবারকে দেয়ার জন্য জেলা কালেক্টরকে নির্দেশ দেন আদালতের বিচারক।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. আবুল বাশার মিঞা এ আদেশ দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের পুলিশ পাহারায় কারাগারে প্রেরণ করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ফরিদপুরের বোয়ালমারী উপজেলার একটি বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ুয়া ছাত্রীর সাথে মোবাইল ফোনের মাধ্যমে পার্শ্ববর্তী মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বাসিন্দা দ্বাদশ শ্রেণিতে পড়ুয়া নাসির মোল্যার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে নাসির মোল্যা সরাসরি দেখা করতে চায় ওই ছাত্রীর সাথে।
এরই ধারাবাহিকতায় গত ২০২০ সালের ২৮ জানুয়ারি রাত ৮টার দিকে নাসির মোল্যা ওই ছাত্রীর গ্রামে এসে ছাত্রীর বাড়ির পাশে একটি বাগানে অপেক্ষা করতে থাকে। কিছুসময় পর ওই ছাত্রী সেখানে গিয়ে দেখতে পায় নাসির ও তার সাথে আরো দুই যুবক রয়েছে।
ওই ছাত্রী সেখানে যাওয়া মাত্রই নাসির সহ তিন যুবক ছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে নৌকায় করে মধুমতি নদীর একটি চরে নিয়ে গিয়ে জোরপূর্বক সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। পরে ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাকে বাড়ির পাশে ফেলে রেখে পালিয়ে যায় তিন যুবক। পরদিন ভুক্তভোগী ওই ছাত্রী বোয়ালমারী থানায় মামলা দায়ের করেন।