১৬ আগস্ট ২০২৬, ০৮:২৩

নিখোঁজের পর উপজেলা পরিষদের পুকুরে মিলল স্কুলছাত্রের লাশ

নিহত আল আরাবি  © সংগৃহীত

ঝিনাইদহে পুকুরের পানিতে ডুবে আল আরাবি (১৩) নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রের করুণ মৃত্যু হয়েছে। শনিবার রাত ৮টার দিকে জেলা সদর উপজেলা পরিষদ চত্বরের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আল আরাবি ঝিনাইদহ সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। সে হরিণাকুণ্ডু উপজেলার ভবানীপুর গ্রামের শাহিন হোসেনের ছেলে। পরিবারের সঙ্গে সে ঝিনাইদহ শহরের মর্ডান মোড় এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৩টার পর থেকে আল আরাবি নিখোঁজ ছিল। সন্ধ্যার পরও বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তার খোঁজ শুরু করেন। একপর্যায়ে সদর উপজেলা পরিষদের পুকুরপাড়ে তার ব্যবহৃত ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি সন্দেহজনক মনে হলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে পুকুরে তল্লাশি শুরু করে।

রাত ৮টার দিকে ডুবুরি দল পুকুরের পানি থেকে অচেতন অবস্থায় আল আরাবিকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর থানার পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।