১৩ আগস্ট ২০২৬, ১৪:০১

ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১২

সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা বিরাজ করায় মোতায়েন করা হয়েছে পুলিশ  © টিডিসি

ঝিনাইদহ সদর উপজেলার ধনঞ্জয়পুর গ্রামে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।  সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ধনঞ্জয়পুর গ্রামে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জাহিদ বিশ্বাস ও শাহাবুর রহমানের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বৃহস্পতিবার সকালে দুই পক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জাহিদ বিশ্বাস বলেন, সকালে তার লোকজন যার যার বাড়িতে অবস্থান করছিলেন। হঠাৎ প্রতিপক্ষের লোকজন তাদের ওপর হামলা করলে পরে তার লোকজন প্রতিরোধ করতে গেলে সংঘর্ষ বাধে।

অন্যদিকে শাহাবুর রহমান বলেন, তিনি বাড়িতে অবস্থান করছিলেন। হঠাৎ সংঘর্ষের খবর পান। তবে কী নিয়ে সংঘর্ষের সূত্রপাত হয়েছে, তা তিনি সঠিকভাবে জানেন না।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। আবার সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।