১২ আগস্ট ২০২৬, ২২:১৬

‘আর কোনো দিন আওয়ামী লীগ করব না, ইসলামিকভাবে নিজেকে গড়তে চাই’

আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ আল মামুন মণ্ডল  © সংগৃহীত ও সম্পাদিত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতি থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দিয়েছেন দলটির গাজীপুর মহানগর সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন মণ্ডল। আজ বুধবার (১২ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাসহ বিভিন্ন মামলায় আদালতে হাজিরা দেওয়ার পর কারাগারে নেওয়ার সময় প্রিজনভ্যানে ওঠানোর আগে এই ঘোষণা দেন তিনি। এ সময় তাকে সালাম দেন উপস্থিত নেতাকর্মীরা ।

মামুন মণ্ডল গত বছরের ১৭ জানুয়ারি থেকে গাজীপুর কারাগারে রয়েছেন। ওইদিন রাজধানীর উত্তরার রূপায়ন থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।  তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত হত্যা মামলাসহ একাধিক মামলার রয়েছে। এসব মামলায় বুধবার সকালে তাকে আদালতে হাজির করা হয়।

আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা সংক্রান্ত একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, গাজীপুর জেলা গারদখানা থেকে হাতকরা পড়া অবস্থায় প্রিজনভ্যানে উঠানোর জন্য নিয়ে যাচ্ছিল পুলিশ।

এ সময় আব্দুল্লাহ আল মামুন মণ্ডল হঠাৎ দাঁড়িয়ে যান। পরে উপস্থিত সকলের সামনে তাকে বলতে দেখা যায়, ‘আমি দেশবাসীর সকলের কাছে ক্ষমা চাই। আজ থেকে আওয়ামী লীগের সকল পদ-পদবি থেকে আমি অব্যাহতি নিয়েছি। আমি আর কোনো দিন আওয়ামী লীগ করব না। আমি ইসলামিকভাবে নিজেকে গড়ে তুলতে চাই। সবাই দোয়া রাখবেন, আমার জন্য দোয়া করবেন।’

তার বক্তব্যের মাঝেই উপস্থিত নেতাকর্মীদের তাকে ‘ভাই, আসসালামু আলাইকুম’ বলে সালাম দিতে দেখা যায়।

২০২৪ সালের ৪ জুলাই ঘোষিত গাজীপুর মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পান আব্দুল্লাহ আল মামুন। এর আগে তিনি গাজীপুর সিটি করপোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ডের পরপর দুইবার নির্বাচিত কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি  আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপ-কমিটির সদস্য ছিলেন।

ছাত্রজীবন থেকেই তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন। ভাওয়াল বদরে আলম সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদে তিনি ক্রীড়া বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।