১২ আগস্ট ২০২৬, ২০:৪৮

সিলেটে ট্রিপল মার্ডারের ঘটনায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার 

সিলেটে ট্রিপল মার্ডারের ঘটনায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার   © সংগৃহীত

সিলেট মহানগরীতে ট্রিপল মার্ডারের ঘটনায় সন্দেহভাজন বাবুলকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার (১২ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির। তিনি বলেন, ‘আটক বাবুলের বয়স আনুমানিক ৪০ বছর। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।’

খোঁজ নিয়ে জানা যায়, আজ বুধবার (১২ আগস্ট) সকাল ৯টার দিকে মহানগীর রায়নগর রাজবাড়ি এলাকার মিতালি ১১১ নম্বর বাসার দ্বিতীয় তলায় স্বামী-স্ত্রী ও গৃহপরিচারিকার হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা বাসার ভেতর ঢুকে স্বামী-স্ত্রী ও গৃহপরিচারিকাকে কুপিয়ে খুন করে পেছনের দরজা দিয়ে পালিয়ে গেছে বলে জানা যায়।

পরবর্তীতে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে ঘরের প্রধান দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মরদেহ দেখতে পায় পুলিশ। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করেছে।

এদিকে,  এই ঘটনার পর অভিযান চালিয়ে সন্দেহভাজন বাবুল নামের একজনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর তার দেওয়া তথ্যমতে মিতালি ১১১ নম্বর বাসার কাছেই একটি ঝোপঝাড়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ।