মৃত কিশোরীকে ঢামেক হাসপাতালে ফেলে গেলেন দুজন, শরীরে আঘাতের চিহ্ন
শরীরে আঘাত ও গলায় ফাঁসের চিহ্ন নিয়ে আনুমানিক ১৫ বছর বয়সী এক কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ফেলে যাওয়ার ঘটনা ঘটেছে। আজ বুধবার (১২ আগস্ট) বেলা ১১টার পরে দুজন ব্যক্তি জরুরি বিভাগের সামনে তাকে ফেলে চলে যায়। পরে হাসপাতালের কর্মীরা তাকে জরুরি বিভাগের চিকিৎসকদের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, দুই ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশায় করে ওই কিশোরীকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। পরে এক ট্রলিম্যান কিশোরীকে ট্রলিতে করে জরুরি বিভাগের ভেতরে নিয়ে যান। এরই মধ্যে কিশোরীটি মারা গেছে বুঝতে পেরে ওই দুই ব্যক্তি কৌশলে হাসপাতাল থেকে সরে পড়েন। তাদের একজন টিকিট কাটার কথা বলে এবং অন্যজন অটোরিকশার ভাড়া দেওয়ার কথা বলে সেখান থেকে পালিয়ে যান।
পরে হাসপাতালের কর্মীরা কিশোরীকে জরুরি বিভাগের চিকিৎসকের কাছে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, কিশোরীর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। তার শরীরে আঘাত ও গলায় ফাঁসের চিহ্ন রয়েছে।
তিনি বলেন, কিশোরীকে হত্যা করা হয়েছে নাকি এটি আত্মহত্যার ঘটনা, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তা নিশ্চিত হওয়া যাবে।
পুলিশ কর্মকর্তা আরও জানান, নিহত কিশোরীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে হাসপাতালের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অটোরিকশাসহ পালিয়ে যাওয়া দুই ব্যক্তিকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ।