শেরপুর সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
শেরপুরের শ্রীবরদীতে অভিযান চালিয়ে ১৫ লাখ ৩৬ হাজার ৯৬০ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১১ আগস্ট) উপজেলার চাঁন্দাপাড়া এলাকায় ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁন্দাপাড়া এলাকায় বিজিবির একটি টহল দল অভিযান চালায়। এ সময় চোরাকারবারিরা সীমান্ত দিয়ে অভিনব কৌশলে ভারতীয় বিভিন্ন ধরনের কসমেটিকস পাচারের চেষ্টা করছিল বলে জানা যায়। অভিযানকালে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
জব্দ করা পণ্যের সিজার মূল্য ১৫ লাখ ৩৬ হাজার ৯৬০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানায়, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তের নিরাপত্তা রক্ষার পাশাপাশি মাদক, চোরাচালানি পণ্য ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। সীমান্তে অবৈধ কার্যক্রম বন্ধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজীদ জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।