শেরপুর সীমান্তে ৬০০ বোতল ভারতীয় মদ উদ্ধার
শেরপুরের ঝিনাইগাতীতে অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ৬০০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের কাউকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
শনিবার (৮ আগস্ট) ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার কাংশা ইউনিয়নের গজনী অবকাশ চৌরাস্তা থেকে তাওয়াকুচাগামী পাকা সড়কের পাশে বনের ভেতর থেকে এসব মদ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার কাংশা ইউনিয়নের গজনী অবকাশ চৌরাস্তা থেকে তাওয়াকুচাগামী পাকা সড়কের পাশে বনের ভেতর অভিযান চালানো হয়। এ সময় সেখানে পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদের ৬০০ বোতল উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা টের পেয়ে মদ বহনকারীরা সেগুলো ফেলে পালিয়ে গেছে। তবে এ ঘটনায় কারা জড়িত, তা শনাক্ত করতে তদন্ত চলছে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূর মোহাম্মদ বলেন, উদ্ধার করা মদ জব্দ করে এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে জড়িত পলাতক ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।