রাজধানীতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, আটক ৭
রাজধানীর বনানী এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সঙ্গে জড়িত ৭ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার মধ্যরাতে বনানীর আর্মি স্টেডিয়ামের বিপরীত পাশে এ অভিযান চালানো হয়।
শুক্রবার (৭ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপি।
পুলিশ বলছে, তারা নাশকতার উদ্দেশ্যে মশাল মিছিলের চেষ্টা করছিলেন। আটকদের মধ্যে মো. আরিফ, শাকিল আহমেদ ও আশিক আহমেদ মোস্তফার বয়স ১৯ বছর বলে জানিয়েছে পুলিশ। বাকি চারজন শিশু।
বনানী থানার ওসি জানান, গত রাত ১২টার দিকে মশাল মিছিল করতে গেলে আমরা সাতজনকে আটক করি। তাদের বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
ঢাকা মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে বনানী থানা পুলিশ জানতে পারে, আর্মি স্টেডিয়ামের বিপরীত পাশের সড়কে ১০০ থেকে ১২০ জনের একটি দল মশালসহ মিছিলের উদ্দেশে একত্রিত হয়েছে। তখনই পুলিশ ঘটনাস্থলে গিয়ে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত সাতজনকে আটক করে।
এ বিষয়ে ডিএমপির এডিসি (মিডিয়া) নিয়াজ মেহেদী বলেন, সৈনিক ক্লাব থেকে আর্মি স্টেডিয়ামের দিকে যাওয়ার সময় ঢাকা-ময়মনসিংহ (আউটগোয়িং) মহাসড়কে আর্মি স্টেডিয়ামের বিপরীত পাশে মশালসহ মিছিলের উদ্দেশ্যে একত্রিত হয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন। এ খবর থানা পুলিশের একটি টিম জানতে পেরে ঘটনাস্থল থেকে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ৭ জনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৭০টি মশাল, ১টি ব্যানার এবং ৭৭টি ফেসমাস্ক উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় অন্যান্য অজ্ঞাতনামা ব্যক্তিরা কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।