০৭ আগস্ট ২০২৬, ১৬:০০

কক্সবাজারে প্যারাসেইলিং দুর্ঘটনায় হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

গ্রেপ্তার মো. ফরিদ  © সংগৃহীত

কক্সবাজারের দরিয়ানগর এলাকায় প্যারাসেইলিং দুর্ঘটনায় পর্যটক অক্ষর সৌভিক রায়ের (৩১) মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলার প্রধান আসামি মো. ফরিদকে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

শুক্রবার (৭ আগস্ট) র‌্যাব-১৫, কক্সবাজারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

র‌্যাব জানায়, ব্যাটালিয়ন সদর কক্সবাজার ও র‌্যাব-৪, ঢাকার সদস্যরা যৌথভাবে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মিরপুর মডেল থানাধীন মধ্য পীরেরবাগের আজাদ মিনি মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ফরিদকে গ্রেপ্তার করেন। তিনি কক্সবাজার পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাহারছড়া এলাকার বাসিন্দা।

তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, গত ১ আগস্ট দরিয়ানগরের একটি প্যারাসেইলিং স্পটে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির কারণে উড্ডয়নের সময় প্যারাসেইলিংয়ের রশি ছিঁড়ে সমুদ্রে পড়ে যান পর্যটক অক্ষর সৌভিক রায়। ঘটনাস্থলে তাৎক্ষণিক উদ্ধার ব্যবস্থা না থাকায় তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় হত্যা মামলা করেন।

র‌্যাবের ভাষ্য, ঘটনার পর অভিযুক্তরা আত্মগোপনে চলে গেলে গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত শুরু করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মামলার প্রধান আসামি ঢাকার মিরপুর এলাকায় অবস্থান করছেন। সেই তথ্যের ভিত্তিতেই অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফরিদ কক্সবাজার ছেড়ে ঢাকায় আত্মগোপনে থাকার বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে র‌্যাব। পরে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।