০৭ আগস্ট ২০২৬, ১৫:০২

দেশে ফিরে আইনের পথেই হাঁটুক শেখ হাসিনা: আইনমন্ত্রী

মতবিনিময় সভা বক্তব্য দিচ্ছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান  © টিডিসি

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, ‘উনি ডিসেম্বরে আসবেন। আমিও বিশ্বাস করতে চাই, তিনি দেশে ফিরুক। উনি ডিসেম্বরে এসে কারাগারে যান। দেশে ফিরে আইনের পথ ধরে হাঁটুক। আমরা একটা কথা বারবার বলি, অনেক ক্ষমতা মানুষের, কিন্তু আইনের ক্ষমতা তার থেকেও দীর্ঘ। আইন তার দীর্ঘ ক্ষমতা প্রয়োগ করবে।’

শুক্রবার (৭ আগস্ট) ঝিনাইদহের শৈলকূপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘আগামী শৈলকূপা’ শীর্ষক মতবিনিময় সভা ও প্রয়াত শিল্পী মুস্তাফা মনোয়ারের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘আমরা অস্বীকার করতে পারি না, শেখ হাসিনা খুন, গুম ও গণহত্যার সঙ্গে জড়িত ছিলেন। সেই সত্যের মুখোমুখি হতে চাইলে অবশ্যই দেশে আসবেন।’

বিচার বিভাগের বিষয়ে তিনি বলেন, ‘আমি এমন একটি বিচার বিভাগ চাই, যেখানে একজন গরিব ও অসহায় মানুষ সৃষ্টিকর্তার পর সবচেয়ে বেশি আস্থা রাখতে পারবেন। এখনো সেখানে অনেক সমস্যা রয়েছে। কেউ বিচার বিভাগের দুর্নীতি, কেউ দালাল চক্র, আবার কেউ কাঠামোগত দুর্বলতার কথা বলেন। তবে তার কাছে সবচেয়ে বড় সংকট মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের অভাব। বিচারকদের মনে রাখতে হবে তারা ন্যায়বিচার প্রতিষ্ঠার দায়িত্ব নিয়েই এই পেশায় এসেছেন।’

শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘অনেকে বলেছিলেন তিনি ভিডিও কনফারেন্সে আসবেন। কিন্তু তিনি একটি রেকর্ড করা অডিও পাঠিয়েছেন। অনেকে বলছেন, সেটি এআই জেনারেটেড। তিনি দেশে ফিরুন বা না ফিরুন, আমার কাছে তিনি ফেরারি ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। সাড়ে চার হাজার মানুষকে ক্রসফায়ারে হত্যা এবং জুলাই বিপ্লবে ১ হাজার ৪০০ মানুষকে গুলি করে হত্যার মামলায় তিনি অভিযুক্ত।’

আইনমন্ত্রী প্রশ্ন রেখে বলেন, এত অপরাধের পরও শেখ হাসিনা কি একবারও জনগণের কাছে ক্ষমা চেয়েছেন? একবারও কি স্বীকার করেছেন যে অপরাধ করেছেন?

অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশীষ বিন হাছান, শৈলকূপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।