নেত্রকোনায় ভাড়া বাসা থেকে ওয়ালটন কর্মীর মরদেহ উদ্ধার
নেত্রকোনা শহরের একটি বাসা থেকে প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটনের এক কর্মীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় শহরের কুরপাড়ের তিতাস নগর এলাকার মাহাবুবুল আলম মোহনের বাসা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার।
নিহত মো. আকাশ তালুকদার (৩০) আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের দেশিউড়া গ্রামের মৃত সোরাব তালুকদারের ছেলে। তিনি শহরের সাতপাই এলাকায় জেলা পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ের সামনের ওয়ালটন শোরুমে কর্মরত ছিলেন। আকাশ ওই বাসায় ভাড়া থাকতেন।
পুলিশ জানায়, ঘরের মেঝেতে আকাশের মরদেহ দেখতে পেয়ে বাসার লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে কক্ষের বিছানার পাশে মেঝেতে রক্তাক্ত অবস্থায় লাশ পড়ে থাকতে দেখে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার বলেন, আকাশের গলায় বিদ্যুতের তার জড়ানো ছিল। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্যে লাশ নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, আকাশকে হত্যা করা হয়েছে, নাকি তিনি আত্মহত্যা করেছেন- তা এখনই বলা যাচ্ছে না। সবদিক মাথায় রেখে তদন্ত শুরু হয়েছে।