০৬ আগস্ট ২০২৬, ১১:২৮

রাজধানীতে ব্রিজের নিচে মিলল নারীর মাথা ও দুই হাত

প্রতীকী ছবি  © সংগৃহীত

রাজধানীর সবুজবাগে কালভার্ট ব্রিজের নিচ থেকে এক নারীর অর্ধগলিত খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মরদেহে মাথা ও দুই হাত পাওয়া গেলেও শরীরের বাকি অংশ এখনো উদ্ধার করা যায়নি। পুলিশের ধারণা, ২ থেকে ৩ দিন আগে ওই নারীকে হত্যা করে মরদেহ খণ্ডিত করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ৯টার দিকে সবুজবাগ এলাকার একটি কালভার্ট ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করে সবুজবাগ থানা-পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সকাল ৯টার দিকে মরদেহ উদ্ধার করে।

তিনি বলেন, উদ্ধার হওয়া মরদেহের মাথা ও দুই হাত পাওয়া গেছে। তবে শরীরের বাকি অংশ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। খণ্ডিত মরদেহ দেখে ধারণা করা হচ্ছে, এটি একজন নারীর।

ওসি সাইফুল ইসলাম আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ২ থেকে ৩ দিন আগে ওই নারীকে হত্যা করে মরদেহ খণ্ডিত করা হয়েছে।

তিনি জানান, নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। এ জন্য বিশেষজ্ঞ দলকে ঘটনাস্থলে ডাকা হয়েছে। হাতের আঙুলের ছাপ সংগ্রহ করে তার পরিচয় শনাক্তের চেষ্টা করা হবে।

এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।