জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন কাল, শিশু-বয়স্কদের জন্য টিকিটের আলাদা মূল্য নির্ধারণ
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হবে আগামীকাল বুধবার (৫ আগস্ট)। এ দিন সকাল ৯টায় জাদুঘরটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর পরদিন থেকে টিকিট কেটে প্রবেশ করতে পারবেন দর্শনার্থীরা।
শিশু ও বয়স্কদের জন্য টিকিটের আলাদা মূল্য নির্ধারণ করা হয়েছে। শিশুরা ২৫ এবং প্রাপ্তবয়স্করা ৫০ টাকার টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে পারবেন। সংশ্লিষ্টরা বলছেন, এটি লাখো মানুষের প্রতিরোধ, ত্যাগ ও সংগ্রামের এক জীবন্ত স্মারক।
মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে সংবাদ সম্মেলনে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এ তথ্য জানান। সংস্কৃতিমন্ত্রী বলেন, বুধবার সকাল ৯টায় জুলাই জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে শহীদ পরিবারের সদস্যদের জন্য তা উন্মুক্ত করে দেয়া হবে।
জাদুঘরে জুলাই গণ-অভ্যুত্থানের আলোকচিত্র, ভিডিও, দলিল-দস্তাবেজ, শহীদদের স্মৃতিচিহ্ন ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য সংরক্ষণ করে রাখা হয়েছে।শিক্ষার্থী, গবেষক ও ইতিহাস-আগ্রহীদের জন্য বিশেষ কর্মসূচি, গাইডেড ট্যুর ও অনলাইনে টিকিট সংগ্রহের ব্যবস্থাও রাখা হচ্ছে বলে জানান গেছে।
আরও খবর: অনুমোদনের বছর না পেরোতেই ভর্তি শুরু হচ্ছে দুই মেডিকেল কলেজে, অনিশ্চয়তায় একটি
ছাত্র-জনতার তীব্র আন্দোলনে ২০২৪ সালের ৫ আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। এতে শেখ হাসিনা সরকারের দীর্ঘ ১৭ বছরের শাসনের অবসান ঘটে। সেদিন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনের দখল নেন ছাত্র-জনতা।
সেই গণভবনকে পরে জুলাই স্মৃতি জাদুঘরে রূপান্তরের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অবশেষে আগস্ট মাসেই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তিতে উদ্বোধন হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। সংশ্লিষ্টরা জানিয়েছন, স্থাপনাটি দর্শনার্থীদের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে।
সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জানান, জাদুঘরের উদ্বোধন করতে প্রধানমন্ত্রী ৯টায় আসবেন। ৯টা ৫ মিনিটে তিনি নামফলক উদ্বোধন করবেন।