জামিন পেলেন অভিনেতা জাহের আলভী
স্ত্রী আফরা ইবনাত ইকরাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভী। সোমবার (৩ আগস্ট) এই জামিনের ফলে তার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালত সূত্র।
রবিবার (২ আগস্ট) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে জারি করা রুল চূড়ান্ত ও যথাযথ ঘোষণা করে জামিনের এই রায় দেন।
মামলার নথি থেকে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে জাহের আলভীর স্ত্রী ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরদিন ইকরার বাবা কবির হায়াত খান বাদী হয়ে পল্লবী থানায় পারিবারিক কলহ ও মানসিক নির্যাতনের মাধ্যমে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে আলভীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।
পরবর্তীতে গত ১৮ জুন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে আলভীকে কারাগারে পাঠানো হয়। এরপর দুই দিনের রিমান্ড শেষে গত ৩০ জুন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের নির্দেশে তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়েছিল।