মিরসরাইয়ে বিদেশি অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার
চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ৯টি গুলি, দেশি অস্ত্র ও ভারতীয় স্কপ সিরাপসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা-পুলিশ।
শনিবার (১ আগস্ট) রাত ২টা ২০ মিনিটের দিকে উপজেলার ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব হিঙ্গুলী এলাকার একটি বসতবাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পূর্ব হিঙ্গুলী কদমতলা এলাকার বোরহান উদ্দিন (৩৪) ও করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া এলাকার রহিম উল্লাহ রনি (৩৫)।
পুলিশ জানায়, জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমের নেতৃত্বে এসআই ফারুক উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযানে বোরহান উদ্দিনের কাছ থেকে একটি কালো রঙের ৭.৬২ বিদেশি সেমি-অটোমেটিক পিস্তল, একটি ম্যাগাজিন, ৯টি তাজা গুলি, দুটি দেশি ছোরা, একটি ফোল্ডিং সুইচ গিয়ার এবং এক বোতল ভারতীয় তৈরি স্কপ সিরাপ উদ্ধার করা হয়। এ ছাড়া রহিম উল্লাহ রনির কাছ থেকেও এক বোতল ভারতীয় তৈরি স্কপ সিরাপ জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার বোরহান উদ্দিনের বিরুদ্ধে হত্যা চেষ্টা, বিস্ফোরক, বিশেষ ক্ষমতা আইনসহ বিভিন্ন অভিযোগে জোরারগঞ্জ ও মিরসরাই থানায় ৯টি মামলা বিচারাধীন রয়েছে। অপর দিকে রহিম উল্লাহ রনির বিরুদ্ধে মাদক, চুরি ও অন্যান্য অভিযোগে জোরারগঞ্জ, রামু, লোহাগাড়া, পটিয়া, ছাগলনাইয়া ও সীতাকুণ্ড থানায় ৯টি মামলা বিচারাধীন।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে অস্ত্র, গুলি, দেশি অস্ত্র, মাদকসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এলাকায় সন্ত্রাস, অস্ত্র ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।