১৬ হাজার পিস ইয়াবাসহ ৪ যুবক-যুবতী গ্রেপ্তার
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় একটি প্রাইভেটকারে অভিনব কায়দায় লুকিয়ে পাচারের সময় ১৬ হাজার পিস ইয়াবাসহ ৪ যুবক-যুবক-যুবতীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শনিবার (১ আগস্ট) বিকেল ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতী ইউনিয়নে চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- পলাশ মাহমুদ (৩৬), মো. সজীব মিয়া (২৮), সাদিয়া আকতার (২৪) ও নুসরাত জাহান ইভা (১৯)।
জানা যায়, লোহাগাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) গোবিন্দ চন্দ্র দাসের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স মহাসড়কে নিয়মিত তল্লাশি ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করছিলেন। এ সময় কক্সবাজার দিক থেকে আসা একটি সন্দেহভাজন প্রাইভেটকারকে থামার সংকেত দেওয়া হয়। গাড়িটি থামানোর পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে যাত্রীদের আচরণ সন্দেহজনক মনে হলে পুলিশ গাড়িটিতে তল্লাশি চালায়। তল্লাশিকালে প্রাইভেটকারটির বাম পাশের পেছনের সিটের চাকার উপরে বডির ভেতরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সাথে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়।
লোহাগাড়া থানার এসআই গোবিন্দ চন্দ্র দাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চুনতি এলাকা থেকে প্রাইভেটকারটি আটক করা হয়। আসামিরা অত্যন্ত চতুরতার সাথে গাড়ির কাঠামোর ভেতরে ইয়াবাগুলো লুকিয়ে রেখেছিল। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের পরবর্তী আদালতের নিকট সোপর্দ করা হবে।