০১ আগস্ট ২০২৬, ১৯:০৫

১৮০০ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার

১৮০০ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার  © সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ১ হাজার ৮০০ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১ আগস্ট) জোরারগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমের নেতৃত্বে এসআই সাদ্দাম হোসেন সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩১ জুলাই) রাত ১১টা ২০ মিনিটে বারইয়ারহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর সোনাপাহাড় উত্তরা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে দুই মাদক কারবারিকে আটক করা হয়। এসময় আজিজ খান (১৯)-এর কাছ থেকে ১ হাজার পিস এবং বশির আলম (২১)-এর কাছ থেকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার দুই আসামা কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৭-এর বাসিন্দা।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে জোরারগঞ্জ থানা পুলিশ। মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি সর্বস্তরের মানুষের সহযোগিতাও প্রয়োজন। গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।